যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে এক আফগান নাগরিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ন্যাশনাল গার্ডের দুই সদস্য আহত হয়েছেন। শহরের মেয়র ঘটনাটিকে ‘টার্গেটেড শুটিং’ বলে উল্লেখ করেছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে একজন হামলাকারী দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালান। কাছাকাছি থাকা গার্ডের অন্য সদস্যরা হামলাকারীকে আটক করেছেন।
ঘটনার সময় ফ্লোরিডায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সন্দেহভাজন হামলাকারী আফগান নাগরিক। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান। এ ঘটনায় তাঁর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি আফগানিস্তান থেকে আসা প্রত্যেকের বসবাসের আবেদন নতুন করে যাচাই করা হবে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলাকারীর নাম রাহমানুল্লাহ লাখানওয়াল। ২০২১ সালে আফগানিস্তান থেকে বিশেষ সুবিধায় কয়েক হাজার মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রাহমানুল্লাহর অভিবাসন প্রক্রিয়া কোন অবস্থায় আছে তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, এ ঘটনার পর সব আফগান নাগরিকের অভিবাসন আবেদন প্রক্রিয়ার কাজ স্থগিত করা হয়েছে।
নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর রাহমানুল্লাহ নিজেও আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ফ্যারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশনের গেটের কাছে। এটি হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে।
গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত ৫০০ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এ ঘটনার আগে ওয়াশিংটনে ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।